চালসহ আটক সেই মাসুম মোল্লার ব্যাপারে শিবচর যুবলীগের সংবাদ সম্মেলন

  • ওয়াহিদ মুরাদ,শিবচর প্রতিনিধি:
  • সোমবার, ৩০ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার আবু বকর সিদ্দিক ওরফে মাসুম মোল্লাকে ৬৮ বস্তা চালসহ গ্রেপ্তারের পর বিভিন্ন সংবাদ মাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায়) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে যুবলীগের কর্মী বা নেতা হিসেবে উল্লেখ করে সংবাদ প্রচারিত হয়।

ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা ও সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান খান। আজ সোমবার দুপুর ১টায় শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, আটককৃত ডিলার আবু বক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা যুবলীগের উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের কোন ইউনিটের নেতা বা কর্মী হিসেবে তালিকাভুক্ত নেই। তার কৃতকর্মের দায় কোনোভাবেই যুবলীগ নেবে না। কাজেই মাসুম মোল্লার ঘটনার সাথে যুবলীগকে জড়িয়ে কোনো সংবাদ প্রচার না করার অনুরোধ করেন। একই সাথে গ্রেপ্তারকৃত ডিলার আবু বক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

উল্লেখ্য, আটক আবু বকর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা বাঁশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। কিছুদিন আগে করোনা সংক্রমণ ঠেকাতে শিবচর অবরুদ্ধ (লকডাউন) হলে তিনি শেখপুর বাজারে তার মালিকানাধীন ১০টি দোকানের ঘর ভাড়া মওকুফ করে আলোচনায় আসেন। তখন তিনি নিজেকে যুবলীগের কর্মী বলে দাবি করেন। ওই সময় বিভিন্ন মিডিয়া (অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম) তাকে বাঁশকান্দি ইউনিয়ন যুবলীগের কর্মী বলে উল্লেখ করেন।

মন্তব্য