ভাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ-টিন বিতরণ করলেন নিক্সন চৌধুরী

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উঁচাবাড়ী বাজারে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়, ভাঙ্গা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সমন্বয়ে আজ দুপুরে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি। এ সময় সাংসদ তার ব্যক্তিগত তহবিল হতে নগদ এক লাখ টাকা ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের হাতে তুলে দেন।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় তার পাশে থেকে আমাদের কাজ করতে হবে। আমাদের সকলের সহযোগিতায় আর সরকারের আন্তরিকতায় করোনা মোকাবেলাসহ যেকোনো দুর্যোগ মোকাবেলা করতে আমরা সক্ষম হব। আল্লাহ আমাদের সহায় আছেন। ইনশআল্লা করোনার দুর্যোগ থেকেও তিনি আমাদের রক্ষা করবেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে খুব দরকার না হলে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি।

বাজারের ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার শাহাদাৎ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, তার দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিল। ঘটনার রাতে ঘরসহ দোকানের সকল মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। আমাদের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী স্যার এবং তুজারপুর ইউপি চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা জানাই। আজকের এই সাহায্য আমাদের কাছে অনেক বড় উপহার। হয়ত এখান থেকেই নতুন করে আবার বেঁচে থাকার যাত্রা শুরু করতে হবে বলতেই জল ভোরে উঠে এই ব্যবসায়ীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রকল্প কর্মকর্তা সাইদুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান, উপজেলা প্রকল্প অফিসার মানস বোস, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস প্রমুখ।

উল্লেখ্য গত ১৬ মার্চ দিবাগত রাতে আগুন লেগে উঁচাবাড়ী বাজারের ১৬টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের তিন দিনের সময় অতিবাহিত না হতেই আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবান মানুষ। এজন্য ব্যবসায়ী পরিবার থেকে শুরু করে গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য