গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২ হাজার শিক্ষানবিশ চালক এক স্থানে সব সরকারি সেবা পেয়ে সন্তুষ্ট হয়েছেন। সেই সাথে তারা সবাই আবেদনের এক দিনের মধ্যেই হাতে পেয়েছেন ড্রাইভিং লাইসেন্স।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে বিআরটিএ, স্বাস্থ্য বিভাগ, ব্যাংক সহ সব বিভাগের সহযোগিতায় হেল্পডেক্স, সত্যায়ন ডেক্স, রক্তেরগ্রুপ সনাক্ত করণ বুথ, মেডিকেল বুথ, ক্যাশ কাউন্টার ও শিক্ষানবিশ লাইসেন্স প্রদান বুথ স্থাপন করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ অবহিত করণ ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন বিতরণ এবং গ্রহন কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন বিপুল পরিমান লাইসেন্স বিতরণ করে। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ও লাইসেন্স বিতরণ করেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, ওসি শেখ লুৎফর রহমান বক্তব্য রাখেন।
উপজেলার নাগরা গ্রামের এইচ এম কামাল হোসেন বলেন, ১৫ বছর ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু জটিলতার কারণে এতদিন লাইসেন্স করিনি। আজ সব সেবা এক যায়গায় পেয়ে সহজেই শিক্ষানবিশ লাইসেন্স হাতে পেয়েছি। এজন্য জেলা প্রশাসনের উদ্দোগকে ধন্যবাদ জানাই।
মাঝবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম দাড়িয়া বলেন, জেলায় গিয়ে লাইসেন্স করতে কমপক্ষে পাঁচ দফতর ঘুরতে হয়। সাথে অতিরিক্ত টাকা ও সময় যায়। পড়তে হয় দালালের খপ্পরে। কোটালীপাড়ায় একদিনেই একস্থানে আবেদন করে লাইসেন্স পেয়ে আমি খুবই খুশি।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, জেলা প্রশাসন জনকল্যানেই কাজ করবে। এই ব্রতি নিয়ে আমরা সরকারের সেবাগুলো জনগনের দোড়গোড়ায় পৌছে দিচ্ছি।
ইতিমধ্যে আমরা মুকসুদপুর ও কাশিয়ানীতে সাড়ে ৩ হাজার লাইসেন্স করে দিয়েছি। আজ কোটালীপাড়ায় আরও ২ হাজার লাইসেন্স সহজে করে দিয়েছি। জেলা প্রশাসনের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।






মন্তব্য