ফরিদপুরের নগরকান্দায় আড়াই কেজি গাঁজাসহ সাহেব আলী (৬৫) ও শাহানা বেগম (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোনাপাড়া গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফরিদপুর র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ঘোনাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাতে নগরকান্দা থানাধীন ঘোনাপাড়া গ্রামস্থ জনৈক সাহেব আলী মাতুব্বরের বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাহেব আলী মাতুব্বর(৬৫), পিতা- মৃত শামছুদ্দিন মাতুব্বর ও শাহানা বেগম (৫০), স্বামী- মোঃ সাহেব আলী, উভয় সাং- ঘোনাপাড়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর’দেরকে আটক করে।
এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ ৯৩,৩০০/-(তেরানব্বই হাজার তিনশত) টাকা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে নগরকান্দা থানার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
ফরিদপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।






মন্তব্য