কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদ্রাসা মোড়ে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রীসহ ৪ জন মারা গেছে। আহত হয়েছে আরও ৫ জন।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর পুত্র মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোস্না (২৮) এবং মোস্তফার নানী আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাপাতালে ঘটনা স্থানে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে ব্যাটারী চালিত অটোরিকশা যোগে আত্মীয়র বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ি যাচ্ছিল। এ সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী কুমিল্লা-জ ১১-০০১০ অর্পণ নামে মিনিবাসটি পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়।
পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। এনিয়ে চার জনের মৃত্যু এবং আহত হয়েছে আরও পাঁচজন। আহতদের মধ্যে অটো চালক মানিক (৩৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত মোস্তফার এক মাত্র কন্যা মিম (১৫) ও অপর আহত যাত্রী জাহেদুল ইসলাম (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মিম চলতি বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে বলে স্বজনরা জানিয়েছে।






মন্তব্য