ফরিদপুরের ভাংগায় বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল সেট ও ২০টি সীমকার্ড সহ প্রতারণা চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার গভীর রাতে উপজেলার কুনিকান্দা গ্রাম এলাকা থেকে তাদের আটক করে।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন কুনিকান্দা গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে।
ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শনিবার গভীর রাতে ভাঙ্গা থানার কুনিকান্দা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন- ঐ গ্রামের নুর ইসলাম মাতুব্বারের ছেলে মোঃ মিঠুন মাতুব্বর (১৯) ও মোঃ লিটু মাতুব্বর(৩৫), মোতালেব মাতুব্বরের ছেলে মোঃ ফরহাদ মাতুব্বর (২০) এবং বিল্লাল মাতুব্বরের ছেলে মোঃ ফাইজুল মাতুব্বর(২৪)। এ সময় আটককৃত প্রতারক চক্রের হেফাজত হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল সেট ও ২০টি সীমকার্ড জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চার জন, বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে।
ঘটনার বিবরণে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতিপরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর (বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভুয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে।
প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভুয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেদেরকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।






মন্তব্য