দেশব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে দুর্ভোগের এ সীমা ছাড়িয়েছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে। করোনা ভাইরাসের এই করুণ পরিস্থিতিতে থমকে গেছে অনেক পরিবারের আয়ও। এমন অবস্থায় সরকারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থীর পরিবারও পড়েছেন বিপাকে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর উল্লেখযোগ্য একটি অংশই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের। করোনা পরিস্থিতিতে তারা পড়েছে নানাবিধ আর্থিক সমস্যা এবং সংকটে। তাই এই সংকটাপন্ন সময়ে শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে শিক্ষকগণ একাডেমিক এবং প্রশাসনিক দায়িত্ব ভাতা এবং একদিনের বেতনের সমন্বয়ে একটি ফান্ড গঠন করেছেন। এর মাধ্যমে প্রাথমিক অবস্থায় প্রায় দুইশত শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ গ্রহণকারী শিক্ষকদের মধ্যে একজন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া বাংলাদেশ জমিনকে জানান, বিশ্ববিদ্যালয় এর মূল কেন্দ্রবিন্দুই শিক্ষার্থীরা।করোনার দুঃসময়ে তারা অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। একজন শিক্ষক হিসেবে নৈতিক দায়িত্ব থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শাহজাহান মহোদয় এ উদ্যোগকে স্বাগত জানান এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন।
ফান্ড থেকে সহযোগিতা প্রসঙ্গে তিনি বাংলাদেশ জমিনকে জানান, সকল বিভাগ হতে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীদের তালিকা গ্রহণ করা হবে এবং মূলত এই মুহূর্তে যাদের জরুরী প্রয়োজন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এ সপ্তাহের মধ্যেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের নিকট এ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া চারটি হটলাইন নাম্বারের মাধ্যমেও শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারবেন।
হটলাইন নাম্বারসমূহঃ ১. ০১৭২২০০০১৬৫ (মোঃ ফায়েকুজ্জামান মিয়া, সহকারী অধ্যাপক, এআইএস বিভাগ) ২. ০১৭১৭৬৬৬৬০৮ (মোঃ নাসির উদ্দিন, প্রভাষক, রসায়ন বিভাগ) ৩. ০১৭১২৭৯৪২০৩ (মোঃ গোলাম ফেরদৌস, প্রভাষক, কৃষি বিভাগ) ৪. ০১৯১২৮২১৬৪২ (মোঃ সোলায়মান হোসেন, প্রভাষক, ফার্মেসী বিভাগ)
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন