রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর


নাটকীয়ভাবে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর রেফারিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে মিশর ফুটবল ফেডারেশন।

ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ফলের চেয়ে ম্যাচ শেষে বেশি আলোচনা হচ্ছে রেফারির সিদ্ধান্ত নিয়ে।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো লিখিত অভিযোগে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। ফেডারেশনের দাবি, মিশরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে, সম্ভাব্য একটি পেনাল্টিও দেয়া হয়নি। এসব সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলেছে বলে তাদের অভিযোগ।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশরের মিডফিল্ডার মোস্তফা জিকো, যার করা গোলটি বাতিল হয়েছিল। কোচ হোসাম হাসান আরও কঠোর ভাষায় অভিযোগ করে বলেন, রেফারি ইচ্ছাকৃতভাবে ম্যাচ পরিচালনা করেছেন এবং ফিফা বাণিজ্যিক কারণে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়।

ফিফার কাছে মিশরের দাবি, বিতর্কিত সিদ্ধান্তগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লেটেক্সিয়েকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেয়া হোক।

বিশ্বকাপে রেফারিং নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের অভিযোগের মধ্যে মিশরের এই পদক্ষেপ নতুন করে বিতর্ককে আরও উসকে দিয়েছে। এখন ফিফা এই অভিযোগের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সবার।


Copyright (c) 2019-2026 bzamin24.com