লজ্জার রেকর্ডের পর ৯৬ বছরের পুরোনো কীর্তি ছুঁলেন মেসি


শুরুতে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। পরে দলের ভীষণ প্রয়োজনের সময় দারুণ গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। প্রায় শত বছর আগের এক কীর্তি স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ২-২ সমতা ফেরানো গোল করেন মেসি। চলতি আসরে তার গোল হলো আটটি। দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে আট গোল করলেন মেসি। ১৯৩০ সালে উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ের্মো স্তাবিলে।

একটি অনন্য কীর্তিও গড়েছেন রেকর্ড আটবারের ব্যালন দ'র জয়ী মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করলেন তিনি।

বিশ্বকাপে এই নিয়ে টানা ৯ ম্যাচে গোল করলেন মেসি। ছয় ম্যাচের বেশি নেই আর কারো।

ম্যাচটি ৩-২ গোলে জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা।

এদিকে, চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে মিসরের বিপক্ষে পেনাল্টি মিস করে এক অনাকাঙ্ক্ষিত ইতিহাসের জন্ম দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে এ নিয়ে মোট ৮টি পেনাল্টি নিলেন মেসি, যার মধ্যে ৪টিই গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্বমঞ্চে নেওয়া তার স্পট কিকের অর্ধেকই জালে জড়াতে পারেনি। চলতি বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় পেনাল্টি মিস।

এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এর মাধ্যমে (টাইব্রেকার বাদে) বিশ্বকাপের ইতিহাসে একই আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় হিসেবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন এলএমটেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com