আ.লীগের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন: হাসনাত


বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনে যারা উদ্যোগ নেবেন, ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওই পোস্টে আরও লিখেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশাআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।

এর আগে গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com