কুষ্টিয়ায় আমির হামজার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের


কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার (১৫ আগস্ট) রাতে সদর থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার কটূক্তির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।

এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িযোগে নিজ বাড়ি ফেরার পথে ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করছিলেন। তখন তার গাড়িবহরে হামলা চালানো হলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে এমপি মুফতি আমির হামজা অভিযোগ, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়। এতে তিনিসহ জামায়াতের অন্তত সাতজন কর্মী আহত হন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com