বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো দলের সরকার চাই না, কোনো পরিবারতান্ত্রিক বা গোষ্ঠীতান্ত্রিক সরকার চাই নাআমি চাই জনগণের সরকার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, তাকে দেহ-মন-প্রাণ দিয়ে অভিনন্দন জানানো হবে। এর বাইরে গিয়ে কোনো কিছুই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, মহান আল্লাহ যদি জাতির আমানতের বোঝা আমাদের ঘাড়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা জনগণের সঙ্গে কোনো ধরনের বেইনসাফি করবো না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে প্রথম ভোট হবে গণভোট। এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবেআজাদি না গোলামী। ইনশাআল্লাহ প্রথম ভোট হবে হ্যাঁ। সারাদেশবাসী হ্যাঁকে বিজয়ী করলে বাংলাদেশ নতুন পথ খুঁজে পাবে এবং হ্যাঁ ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশের জন্ম হবে।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, নতুন বাংলাদেশ পরিচালনার জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রয়োজন। তিনি উল্লেখ করেন, পাঁচ আগস্টের পর আপনারা দেখেছেনআমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, তেমনি মন্দির, মঠ ও চার্চও পাহারা দিয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেক ধর্মের কাছে পবিত্র, এখানে কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ। স্ব-স্ব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে। সেখানে কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। সংখ্যালঘু ভাই-বোনদের সম্পদের দিকে কেউ লাল চোখে তাকাতে পারবে না। রাষ্ট্র কঠোর হাতে তা প্রতিহত করবে।
রাজনীতিতে দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশে এক অদ্ভুত সংস্কৃতি আছেনেতা হওয়ার আগে তেমন সম্পদ থাকে না, নির্বাচিত হওয়ার পর হঠাৎ অফুরন্ত সম্পদের মালিক হয়ে যায়। আমরা এই পচা রাজনীতির ধারা পাল্টে দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে। এবার মা-বোনেরা জেগে উঠেছেনিজেদের সম্মান রক্ষার লড়াইয়ে তারা মাঠে নেমেছে।
জনসভায় তিনি ফরিদপুর-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. ইলিয়াস মোল্লাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিচ মোল্লার সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।