ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সংসদীয় আসনগুলোতে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের বিভিন্ন হাটবাজার ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।
মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ করেন জাহাজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। গণসংযোগ শেষে সন্ধ্যায় তিনি মধুখালীর ব্যাসদি বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় আরিফুর রহমান দোলন বলেন, এখনও হামলা ও মামলা বাণিজ্য চলছে এবং সাধারণ মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ অবস্থানে থাকার অনুরোধ জানিয়ে বলেন, যারা পেশিশক্তি ব্যবহার করছে, তাদেরকে সাধারণ জনগণ প্রত্যাখ্যান করবে।
ফরিদপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৭শ ২ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯৬টি। সংসদীয় এই আসনে মোট ৯ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই আসনে ৮৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন বলে জানা গেছে।