বাবার জন্য ভোট চাইছে কিশোরী দুই মেয়ে


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন-এর পক্ষে জাহাজ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে তার দুই কিশোরী মেয়ে।

আলিশা রহমান ও আলায়না রহমান নামের যমজ এই দুই বোন ফরিদপুর-১ (আলফাডাঙ্গাবোয়ালমারীমধুখালী) আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে বাবার পক্ষে ভোট ও দোয়া চাইছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তা এলাকায় তাদের গণসংযোগ করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন বিপণি-বিতান ও পথচারীদের মধ্যে জাহাজ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং বাবার জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।

দুই বোন ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বাবার সালাম পৌঁছে দেন। বাবার পক্ষে দুই কিশোরী কন্যার সাবলীল ও স্বতঃস্ফূর্ত এই গণসংযোগ সবার দৃষ্টি ও স্নেহ আকর্ষণ করে। অনেকেই এগিয়ে এসে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রার্থী দোলনের খোঁজখবর নেন।

এর আগে আলিশা রহমান ও আলায়না রহমান আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকাতেও বাবার প্রতীক জাহাজ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন দীর্ঘদিন ধরে ফরিদপুর-১ আসনের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই আসনে ৮৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন বলে জানা গেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com