আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি


ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে আদম তমিজী হককে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট আগুন দিয়ে পুড়িয়ে দেন তমিজী। একই সাথে আওয়ামী লীগ সরকাকে ভোট না দিতেও আহ্বান জানান।

ফেসবুক লাইভে দেখা যায়, আদম তমিজী হক কিছু একটা পোড়াচ্ছেন। এ সময় তিনি সেটিকে নিজের পাসপোর্ট বলে দাবি করেন।

তার প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা লুট ও প্রতিষ্ঠান জবরদখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তমিজী হক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com