চলতি মাসে নয়াদিল্লি সফর করবে আ.লীগের প্রতিনিধি দল


চলতি জুলাই মাসে ভারতের নয়াদিল্লি সফর করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে মতবিনিময় করবেন তারা।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় বিজেপির পররাষ্ট্র বিষয়ক বিভাগের ইনচার্জ বিজয় চৌথাইওয়ালে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, জগৎ প্রকাশ নাড্ডা ঘোষণা করেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী-কেন্দ্র) প্রতিনিধি দল বিজেপির আমন্ত্রণে ভারত সফর করবে। সফর সম্পর্কে বিস্তারিত যথাসময়ে জানানো হবে বলেও জানান তিনি।

চৌথাইওয়ালে বলেন, বাংলাদেশসহ ১২টি দেশের মিশন প্রধানরা বিজেপির সদর দপ্তর পরিদর্শন করেছেন এবং তারা নাড্ডার সঙ্গে কথা বলেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০ জুলাইয়ের কাছাকাছি আওয়ামী লীগের প্রতিনিধি দল নয়াদিল্লি যেতে পারে। দিল্লিতে বিজেপির জাতীয় সদর দপ্তরে প্রতিনিধি দলের সঙ্গে নাড্ডার বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র আরও জানায়, প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এছাড়া প্রতিনিধি দলের সফরের আগে চলতি মাসের মাঝামাঝি নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।


Copyright (c) 2019-2026 bzamin24.com