বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে কূটনীতিকদের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী


বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে কূটনীতিকদের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

আজ রোববার বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় তিনি এ সহায়তা চান। বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় ঢাকায় কর্মরত এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ৮৩ হাইকমিশনার ও রাষ্ট্রদূত অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনি এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক। আমরা ইতিমধ্যে দুজনের অবস্থান জানতে পেরেছি। বাকি তিনজনের অবস্থান আমরা এখনও জানি না।

আবদুল মোমেন বলেন, আমরা ন্যায়বিচার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর বিচারের রায় কার্যকর করতে চাই। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এসব খুনিদের বিচারের আওতায় আনা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে বঙ্গন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এ বিচার কাজ সম্পন্ন করা হয়।

এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যুক্ত ছিলেন।

এসব খুনিদের অবস্থান নির্ণয় ও দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে সহায়তার জন্য সব বন্ধুরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com