জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে হাসপাতালে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১ জুলাই) সকালে সিএমএইচে চিকিৎসাধীন এরশাদকে দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী এ তথ্য জানিয়েছেন।
গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ।
জাতীয় পার্টির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এরশাদের শারীরিক অবস্থা গত কয়েকমাসে ক্রমান্বয়ে খারাপ হয়েছে। সর্বশেষ গত ২৬ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন থেকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়।
এদিকে, এরশাদের শরীরের অবনতির খবর পেয়ে রোববার সারা রাতই পার্টির দায়িত্বশীল নেতারা সামরিক হাসপাতালে গেছেন, দূর থেকে তাকে একটু দেখার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ ভেতরে প্রবেশ করতে না দিলেও রোববার সন্ধ্যার পর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে নেতাকর্মীদের ভিড় ছিল।