করোনায় আক্রান্তকে শনাক্ত করতে সক্ষম কুকুর?


বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

জার্মানির একটি প্রাণি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, কয়েক দিন প্রশিক্ষণের পর কুকুর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারে।

ইউনিভার্সিটি অব ভেটেরনারি মেডিসিন হ্যানওভার পাইলট প্রকল্পের আওতায় এই গবেষণা পরিচালনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির সশস্ত্র বাহিনীর আটটি কুকুরকে এক সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয়। কুকুরগুলোকে এক হাজারের বেশি স্বাস্থ্যবান ও করোনা আক্রান্ত ব্যক্তির লালা শুঁকতে দিয়েছিলেন গবেষকরা। পরে দেখা যায় কুকুরগুলো করোনা আক্রান্ত ব্যক্তিদের ৯৪ শতাংশ নির্ভুলভাবে শনাক্ত করতে পারছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যারেন ভন কোয়েকরিৎজ-ব্লিকউদি বলেন, আমরা মনে করছি এই প্রক্রিয়াটি কাজ করছে। কারণ রোগীর দেহের বিপাকীয় প্রক্রিয়া পুরোপুরি বদলে যায়। আমরা মনে করি, কুকুর একটি সুনির্দিষ্ট গন্ধ শনাক্ত করতে সক্ষম।


Copyright (c) 2019-2026 bzamin24.com