জাতীয় পরিচয়পত্রে সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু


জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের নির্দিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।

তবে নিজের নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়।পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ক ক্যাটাগরির হিসেবে বিবেচিত হবে। এসব আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।

তবে শিক্ষা সনদের পাশাপাশি অন্য কোনো প্রমাণাদি বা দলিল প্রয়োজন হলে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের প্রজ্ঞাপন নম্বর ১৭,০০,০০০০,০৬৪.২২.০৪৫.১৯ (অংশ-১)-৩০৫১ অনুসরণ করতে বলা হয়েছে।

এ ছাড়া সংশোধনের আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিলের সময় কেস ম্যানেজমেন্ট সিস্টেমে (CMS) বাধ্যতামূলকভাবে নোট দিতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটর করতে বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করতে হবে। এ বিষয়ে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন তৈরি করে পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে। একইভাবে জন্মতারিখের পাশাপাশি নিজের নাম এবং পিতা বা মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদনও মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে।

নতুন নিয়মে জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পরিপত্রে নির্দেশ দেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com