ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা 


দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। তিনি ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের (আইওআর) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের একটি বৈঠকে যোগ দিতে সেখানে গিয়েছিলেন।

বিস্ময়কর বিষয় হলো, বিমানবন্দরে পৌঁছানোর পর শুরুতে তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। অথচ উপদেষ্টা জাহেদ উর রহমানের এই দিল্লি সফরের বিষয়টি অন্তত দুই দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল বাংলাদেশ দূতাবাস। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষার পর পরবর্তী সময়ে ভারতের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অপমানের প্রতিবাদে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকেই তাৎক্ষণিক ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com