আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ফরিদপুরের ৪টি আসনে মোট ৩৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয় পার্টি, সিপিবিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আসন অনুযায়ী ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ৭ জন, ফরিদপুর-৩ (সদর) আসনে ৬ জন এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আসনগুলোর মধ্যে হেভিওয়েট প্রার্থীরা হলেন- ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কৃষক দল নেতা ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন, বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু, বিএনপির বিদ্রোহী মো. শাহাবুদ্দিন, স্বতন্ত্র গোলাম কবির, স্বতন্ত্র আবুল বাশার খান, আঞ্জুমান আরা, বিদ্রোহী প্রার্থী এনসিপির জেলা আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর।
ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আকরাম আলী।
ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক।
ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল, জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রায়হান জামিল।