ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সফরে আসছে আজ


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন। সোমবার (২৪ জুলাই) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ সফরে মানবাধিকারসহ নানা বিষয়ে মন্ত্রী, কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

ঢাকায় ইমন গিলমোর সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।

বেলজিয়ামের প্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মে মাসের প্রথম সপ্তাহে একাধিক বৈঠক করেন। সেসব বৈঠকে গিলমোরও অংশ নেন। তখন প্রতিমন্ত্রী গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

মানবাধিকারের জন্য বিশেষ প্রতিনিধির কাজ হলো ইইউ-এর মানবাধিকার নীতির কার্যকারিতা এবং দৃশ্যমানতা বৃদ্ধি করা।

প্রসঙ্গত, ইমন গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী ছিলেন।

গিলমোরের বাংলাদেশ সফরের ঠিক আগে ইইউর প্রাকনির্বাচন পর্যবেক্ষক মিশন ১৬ দিনের ঢাকা সফর শেষ করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com