সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল


ভেজাল ও লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন ও সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ওষুধ আইন-২০২২-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন, বিপণন বা আমদানি করলে ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। একইভাবে সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলেও একই শাস্তি ভোগ করতে হবে।

মন্ত্রিপরিষদসচিব জানান, আজকের বৈঠকে দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্যান্সি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২ ও জাতীয় শিল্পনীতি-২০২২-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com