বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী


বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, পাকিস্তান আমলের ২৩ বছরে নানা আন্দোলন সংগ্রাম হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সূচনায় তৃণমূল চিত্র এবং জাতীয় ইতিহাস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) এ সভার আয়োজন করে।

তিনি বলেন, মানুষের অধিকার আদায়ে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা ১৯৭১ সালে বিজয় দিবস পেয়েছি। কিন্তু তখন স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করেনি। স্বাধীনতা পরিপূর্ণ লাভ করে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির মাধ্যমে। বঙ্গবন্ধুর মুক্তির মাধ্যমে স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করে।

মন্ত্রী বলেন, পাকিস্তানিরা বুঝেছিল বাঙালির কাছে অস্ত্র থাকা নিরাপদ নয়। তাই তারা বাঙালিদের নিরস্ত্র করতে গাজীপুর থেকে অস্ত্র নিয়ে আসে পাকিস্তানি সৈন্যরা। তখন মানুষ লাঠিসোটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস গৌরবের, এ গৌরব পুরো বাঙালি জাতির।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আজ ৮ জানুয়ারি ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। এদিনই বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফেরেন।

তিনি বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ১৯ মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের সঠিক ইতিহাস যেন উঠে আসে।

উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, বিজেআরএফের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com