হেফাজত নেতা নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল হাইআতুল উলয়া বোর্ডের কো-চেয়ারম্যান, হেফাজতে ইসলামীর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ জানাজা সম্পন্ন হয়। আল্লামা কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী তার বাবার জানাজা পড়ান।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে কাসেমীর ছোট ভাই মাওলানা আব্দুল কুদ্দুস তার বড় ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, জাতি আজ তার এক সু-সন্তানকে হারিয়েছে। আপনারা সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।

জানাজার পরে তার মরদেহ আল্লামা কাসেমী প্রতিষ্ঠিত জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউর, মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।


Copyright (c) 2019-2026 bzamin24.com