প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণ প্রতিরোধে যা যা করার দরকার বা আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার হলে সরকার তা–ই করবে। ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সোচ্চার হতে হবে।
আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফরের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য হচ্ছে ধর্ষণ সব সময় সব দেশে আছে। তবে এখন মেয়েরা সাহস করে কথাটা বলে। একটা সময় সামাজিক লজ্জার কারণে বলতে পারত না।
‘পুরুষ সমাজকেও বলব, ধর্ষণটা তো পুরুষ সমাজ করে যাচ্ছে, পুরুষ সমাজেরও একটা আওয়াজ তোলা উচিত’ বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেছেন, ২০০০ সালে আমার কাছে প্রস্তাব এসেছিল গ্যাস বিক্রি করার, আমি রাজি হইনি। খেসারত দিতে হয়েছিল। ভোট পেয়েও ক্ষমতায় আসতে পারিনি। খালেদা জিয়া মুচলেকা দিয়েছিল ক্ষমতায় আসলে তিনি গ্যাস বিক্রি করবেন।
শেখ হাসিনা বলেন, আমাদের শিল্প উন্নয়ন করতে হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, সার উৎপাদন করতে হবে, দেশে ঘন ঘন বিদ্যুৎ দিতে হবে, কাজেই আমাকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে।