ভোজ্য তেল আমদানির ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে সরকার। ফলে আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর আমদানি পর্যায়ে আগে ভোজ্য তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ ছিল।আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ফার্স্ট শিডিউলভুক্ত পণ্যসমূহের মধ্যে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম অয়েল ও অন্যান্য রিফাইন পাম অয়েল আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হলো। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬ উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই ভ্যাট কমানো হয়।