এক দিনের ব্যবধানে কমল তেলের দাম


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এর আগে গতকাল সোমবার আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল।

তবে মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

একই সঙ্গে মঙ্গলবার কিছুটা চাঞ্চল্য ফিরেছে এশিয়ার শেয়ারবাজারে।

এক প্রতিবেদনে রয়টার্স বলছে, চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারেএমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগে। জ্বালানির চরম সংকট দেখা দেয় গোটা বিশ্বে। দীর্ঘস্থায়ী এ সংঘাত বিশ্ব অর্থনীতিকে মন্দার দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। তবে আলোচনার নতুন সম্ভাবনা সেই আশঙ্কা কিছুটা হলেও কমতে শুরু করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com