রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু


বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে এই বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেন, আমরা মাত্রই খবর পেলাম, ইউক্রেনের প্রতিনিধিদল এক ঘণ্টার মধ্যে পৌঁছাবে। তাই আমরা ১২টা নাগাদ আলোচনার টেবিলে বসতে পারব।

অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানায় কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি জোনাহ হুল পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রয়েছেন। রাশিয়ার চলমান আগ্রাসনের মাঝে শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা কোথায় গিয়ে ঠেকবে সে বিষয়ে আগাম ধারণা করা কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com