স্ত্রী মেলানিয়াসহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এবারে তার নির্বাচনি প্রচারণা শিবিরের ব্যবস্থাপক বিল স্টিপিয়েনের করোনা পজিটিভ এসেছে। প্রচারণা শিবিরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,৪২ বছর বয়সী স্টিপিয়ন ফ্লুর মতো মৃদু লক্ষণে ভুগছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ট্রাম্প দম্পতি প্রথমে কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দেন। কিছুক্ষণ পর তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। শুক্রবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো হয় ওয়াশিংটনের সামরিক হাসপাতালে।
ওই দিন সন্ধ্যাতেই পাওয়া যায় ট্রাম্পের পুনর্নির্বাচনি প্রচারণা ব্যবস্থাপক বিল স্টিপিয়েনের আক্রান্ত হওয়ার খবর। তিনি কোয়ারেন্টিনে গেলে উপ ব্যবস্থাপক জাস্টিন ক্লার্ক প্রচারণা শিবির দেখভাল করবেন বলে আশা করা হচ্ছে।
বিল স্টিপিয়েনের আক্রান্ত হওয়ার অর্থ হলো ট্রাম্প শিবিরের অন্তত তিন জন গুরুত্বপূর্ণ মানুষ এখন করোনায় আক্রান্ত। শুক্রবার সকালের দিকে করোনা আক্রান্ত হওয়ার ঘোষণা দেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান রন্না ম্যাকডেনিয়েল। এর আগে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা হিক হোপস।
সূত্র: সিএনএন