হিরো আলমের যত্ন নিচ্ছেন রিয়া মনি, জানালেন শারীরিক অবস্থা


আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। চিকিৎসক বলেছেন, বর্তমানে হিরো আলম শঙ্কামুক্ত রয়েছে।

এদিকে হিরো আলমের আত্মহত্যার চেষ্টার খবর শুনে বগুড়া ছুটে যান তার স্ত্রী রিয়া মনি। গতকাল রিয়া মনিকে হিরো আলমের সঙ্গে দেখা যায়। অসুস্থ হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসেন রিয়া মনি।

আজ শনিবার (২৮ জুন) রিয়ামনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে হিরো আলমের সবশেষ অবস্থার কথা জানান। এতে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম। জীবন যুদ্ধে যারা জয়ী হয়, তারাই হচ্ছে আসল যোদ্ধা। জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। অনেক কিছুর শিকার হতে হয়। বলার অনেক কিছু থাকে কিন্তু, বলা যায় না।

এর আগে, গতকাল (২৭ জুন) এ খবর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রিয়া মনি এক সংবাদমাধ্যমকে বলেন, বগুড়া এসে তার (হিরো আলম) সার্বিক বিষয় জেনেছি। এখন তাকে নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিয়েছি। সেখানে তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাব।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান।

রাতে রিয়ামনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। শুক্রবার ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে তার বন্ধু উদ্বিগ্ন হয়ে যান। এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। এরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হিরো আলমের স্ত্রী রিয়ামনির সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে। তাই তিনি হতাশায় এমন সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই ধারনা করছেন নেটিজেনরা। তবে রিয়া মনি নিজের স্বামীর পাশে দাঁড়িয়েছেন, যা দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।


Copyright (c) 2019-2026 bzamin24.com