রুপালি পর্দায় আসছে শামীম ওসমানের ‘খেলা হবে’!


বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের খেলা হবে স্লোগান দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও বেশ আলোচিত। এবার সেই স্লোগান নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে বলে গুঞ্জন উড়ছে চলচ্চিত্র পাড়ায়।

গুঞ্জন রয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। এর মধ্যে একটি সিনেমার নাম খেলা হবে রাখা হতে পারে।

সম্প্রতি গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস তার ফেসবুক পেজে এমপি শামীম ওসমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেন খেলা হবে। এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন এবং শুভকামনা জানাচ্ছেন।

গান বাংলার কার্যালয়ে গিয়েছিলেন শামীম ওসমান। এ বিষয়ে গান বাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করা হলে মুখপাত্র রুদ্র হক গণমাধ্যমকে বলেন, এটি কেবলই সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে, এর বেশি কিছু যদি হয় তাহলে নিশ্চয়ই দর্শকরা যথাসময়ে জানতে পারবেন।

উল্লেখ্য, টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি মঙ্গলবার (১ আগস্ট) রাতে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এর মধ্যে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি নির্মাণ করবেন একটি। আরেকটি নির্মাণ করবেন নডরাই-এর পরিচালক তানিম রহমান অংশু।


Copyright (c) 2019-2026 bzamin24.com