নিজের তিনজন কাছের বন্ধুকে বিগ বসের ঘরে নিতে চান বলিউডের ভাইজান সালমান খান। অভিনেতা জানিয়েছেন, তিনি তার বন্ধু এবং অভিনেতা সঞ্জয় দত্ত, শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফকে বিগ বসের ঘরে নিয়ে যেতে চান। শনিবার (১৪ জানুয়ারি) ইনস্টাগ্রামে কালারস টিভির শেয়ার করা একটি নতুন প্রোমো ক্লিপে একথা বলতে শোনা যায় বলিউডের দাবাং ভাইজানকে।
ভিডিওটি একটি সাক্ষাৎকারের। প্রবীণ অভিনেত্রী সিমি গারেওয়াল একজন সঞ্চালক হিসেবে সালমান খানের সাক্ষাৎকারটি গ্রহণ করেন।
ভিডিওটির শুরুতে সালমানকে বলতে শোনা যায়, বিগ বস শুরু হয়েছে ১৬ বছর হয়ে গেছে। একজন সঞ্চালক হিসেবে আমি ১৩ বছর আগে যোগ দিয়েছিলাম। এখন পর্যন্ত শুধু আমিই সব প্রশ্ন করেছি। কিন্তু আজ অন্য কেউ আমাকে প্রশ্ন করবে।
সঞ্চালক হিসেবে সিমি সালমানকে বেশ কিছু বিষয়ে প্রশ্ন করেন এবং সালমান উত্তর দেন। দুজনের কথোপকথনের এক পর্যায়ে সিমি সালমানকে জিজ্ঞাসা করেন, যদি আপনি বিগ বসের ঘরে তিনজন বন্ধুকে নিতে চান তাহলে আপনি কাকে বেছে নেবেন? উত্তরে সালমান বলেন, সঞ্জু (সঞ্জয় দত্ত), শাহরুখ এবং ক্যাটরিনা। শাহরুখ খানের নাম শুনে সিমি বেশ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে ক্যাটরিনা কাইফের নাম শুনে সিমি পাল্টা প্রশ্ন করে ভাইজানকে বলেন, ক্যাটরিনা? আমি তার নামের জন্যই অপেক্ষা করছিলাম।
সিমি গারেওয়ালের সাথে সালমানের গল্পগুচ্ছ শিরোনামে প্রকাশ হওয়া ভিডিওটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে ভক্ত অনুরাগীদের মাঝে। ভক্তরা মন্তব্য করে জানাচ্ছেন, বিগ বসের ঘরে শাহরুখ খান এলে সেটা হবে স্মরনীয় মুহূর্ত। তবে বিগ বসের ঘরে ক্যাটরিনাকেও চাইছেন অনেকেই।
২০১০ সালের অক্টোবরে বিগ বসে যোগ দেন সালমান খান। দীর্ঘ ১৩ বছর ধেরে শোটির সঞ্চালনার দায়িত্ব পালন করছেন তিনি। সামনে টাইগার থ্রি মুক্তির অপেক্ষায় রয়েছে এই মেগা তারকার।
সূত্র : হিন্দুস্তান টাইমস