বিয়ের পর ছেলে বদলে গেছে : রণবীরের মা


এ বছরের এপ্রিলে আলিয়া ভাটকে বিয়ে করেন বলিউড তারকা রণবীর কাপুর। বিয়ের দুমাস না যেতেই নাকি বদলে গেছেন রণবীর, এ কথা জানিয়েছেন খোদ তাঁর মা নীতু কাপুর।

বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, বিয়ের পর রণবীর বা আলিয়া দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেননি। তাঁরা প্রতিশ্রুত কাজে ব্যস্ত। এবার এ যুগল সম্পর্কে জানিয়েছেন রণবীরের মা নীতু কাপুর। বলেছেন, বিয়ের পর রণবীর এখন বদলে যাওয়া মানুষ।

সম্প্রতি নীতু কাপুর তাঁর অভিনীত যুগযুগ জিয়ো সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। প্রচারণার অংশ হিসেবে নীতু বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নীতু কাপুর বলেছেন, বিয়ের পর রণবীর বদলে গেছেন। নীতুর ভাষ্যে, আমি আজ সবচেয়ে সুখী। সে (আলিয়া) তাকে অনেক ভালোবাসা ও উষ্ণতা দিয়েছে। আমি তার মধ্যে পরিবর্তন লক্ষ করেছি। তারা দারুণ। আমি খুব খুশি এবং নিজেকে ভাগ্যবান মনে করছি যে আলিয়া আমাদের পরিবারে এসেছে। তাই, জীবন সত্যিই বদলে গেছে এবং আমি এতে সন্তুষ্ট। আগে সব সময় চিন্তায় থাকতাম, সে বিয়ে করবে কি না। কিন্তু এখন সে (বিবাহিত)।

ছেলের বিয়েতে কঠোর গোপনীয়তা অনুসরণ প্রসঙ্গে নীতু বলেছেন, এটা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকল।

রাজ মেহতা পরিচালিত যুগযুগ জিয়ো মুক্তি পাবে ২৪ জুন। অন্যদিকে, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখা যাবে অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com