বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র, মূখ্য চরিত্রে বাপ্পী


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে স্বপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির।

স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রের নাম ৫৭০। আশরাফ শিশিরের চিত্রনাট্যে এ মহান উদ্যোগ বাস্তবায়নে সঙ্গী হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস। ২০১৯ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলা চলচ্চিত্রকে বিশ^ব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সিনেবাজ ফিল্মস বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিল।

২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে চলচ্চিত্র ৫৭০-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। গতকাল (৩ অক্টোবর) শনিবার ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের মার্চে চলচ্চিত্র ৫৭০ মুক্তি দেয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন হালের চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এতোদিন বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই প্রথম তিনি কোনো গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

অভিনয়ে আরও থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমন-সহ ৩০০ জন অভিনয়শিল্পী।


Copyright (c) 2019-2026 bzamin24.com