আগে থেকেই ঠিক ছিল যে এ বছর তিনি বিয়ের পিঁড়িতে বসবেন।এবারে শোনা যাচ্ছে, আগামী মে মাসে বরুণ ধাওয়ন এবং তার প্রেমিকা নাতাশা দালাল বিয়ে করতে চলেছেন। গোয়ার একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। সূত্র বলছে, পুরো এক সপ্তাহ জুড়ে চলবে বরুণ-নাতাশার মেহেদি, সঙ্গীত, বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠান। গোয়ার যে রিসোর্টটি ঠিক করা হয়েছে সেখানে আট বছর আগে বরুণের ভাই রোহিতেরও বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।তবে এখনও ঠিক নির্দিষ্ট দিনটি জানা যায়নি। তবে বলিউডের বেশ কিছু নামীদামি ব্যক্তিত্বের কাছে অনুরোধ গেছে, যেন তারা মে মাসের দ্বিতীয় সপ্তাহ ফাঁকা রাখেন। বরুণও নাকি ওই সময়টা বিরতিতে থাকছেন। যদিও তার কাজের চাপ অনেক। সামনেই মুক্তি পাচ্ছে বরুণ-শ্রদ্ধার ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’। তারপর আবার শুরু করবেন বাবা ডেভিড ধাওয়নের পরিচালনায় ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেক সিনেমা। এরপরে হাতে রয়েছে ‘মিস্টার লেলে’র কাজও।