রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যা মামলায় গ্রেফতার দুই আসামির জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষ করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে ডিবির একটি দল মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এর আগে গতকাল মঙ্গলবারও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা বেশকিছু নতুন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা গেছে, সোমবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী কারাগারে থাকা দুই আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রফিকুল ইসলাম প্রত্যেক আসামিকে তিন দিনের মধ্যে যেকোনো দুইদিন তিনঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ বলেন, দুই আসামির জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। তারা বেশকিছু নতুন তথ্য দিয়েছেন, যা মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। চার্জশিট দেওয়ার আগে এসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।