কুমিল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ২


কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দুজনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আগে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের সালেহ আহমেদ ও দেলোয়ার হোসেন নয়ন।

আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

তিনি জানান, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত চারদিন ধরে বিবদমান দুপক্ষের সঙ্গে বৈঠক করে আসছি। শুক্রবার সকালেও তাদের সংঘাতে জড়াতে নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা শোনেনি।

গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে অটোরিকশায় করে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এরপর থেকে এ এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। ঘটনাটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com