জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


কুমিল্লা নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের উনাইশার এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবু মিয়া (৪০) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ইব্রাহিম খলিল।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে উনাইশার মাজার মসজিদের সামনে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা এলাকা থেকে পালিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com