ফরিদপুরের সদরপুরে একটি সরিষা ক্ষেত থেকে শাহজাহান বেপারী (৪২) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমাত উল্লাহ মাতুব্বরেরকান্দি গ্রামের সরিষা ক্ষেত থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহজাহান বেপারী মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরবন্দরখোলা ইউনিয়নের মিয়াজান বেপারীকান্দি গ্রামের আমিনউদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহজাহান বেপারী গত মঙ্গলবার সর্বশেষ সন্ধ্যারাতে তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ১১টার পর থেকে তার মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার জানান, গত বুধবার বিকাল ৩ টার দিকে একটি সরিষা ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- ইজিবাইক ছিনতাই করতে গিয়ে দুবৃর্ত্তরা তাকে হত্যা করেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য তার মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।