ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাদরাসাছাত্রকে (৮) বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে একই দিন ভোরে উপজেলার শ্রীধরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, ফুলপুর উপজেলার বাইল্লাহ গ্রামের মৃত সহর আলীর ছেলে মমতাজ আলী (৫০)।
জানা গেছে, মমতাজ আলী ভুক্তভোগী ছাত্রকে মাঝেমধ্যেই ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করত। পরে এসব পরিবারের কাছে বলতে নিষেধ করায় ভয়ে কাউকে জানায়নি শিশুটি।
এদিকে গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে ফের উপজেলার বালিয়া গ্রামে নির্মাণাধীন ভবনের ভেতর ভুক্তভোগীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে আবারও বলাৎকার করে। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মমতাজকে আটক করার চেষ্টা করলে পালিয়ে যায়।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শিশুর মা অভিযুক্ত মমতাজ আলীকে আসামি করে ফুলপুর থানায় মামলা দায়ের করেছেন। তাকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।