'বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে'


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় আইন মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পাঁচজন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় সম্পূর্ণভাবে কার্যকর না করা পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা ও আনার প্রচেষ্টা চলবে। যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটবে।

আইনমন্ত্রী বলেন, সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করেছেন, বঙ্গবন্ধুর যে খুনিদের রায় এখনও কার্যকর করা যায়নি এবং যারা পলাতক আছেন তাদের ব্যাপারে আমরা কী কী পদক্ষেপ নিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি- কানাডায় নূর চৌধুরী পলাতক আছেন। কানাডীয় সরকারের একটি আইন আছে, যেটা হচ্ছে যে দেশে মৃত্যুদণ্ড আছে সেখানে মৃত্যুদণ্ড হতে পারে এ রকম কোনো আসামিকে তারা ফেরত পাঠায় না। সেই আবেদনের কারণে সে সেখানে বসবাসরত আছেন।

তিনি বলেন, সে (নূর চৌধুরী) কানাডীয় সরকারের কাছে কী লিখেছেন এবং কী কারণে তাকে সেখানে থাকার অনুমোদন দেয়া হয়েছে, সেগুলো জানার জন্য আমরা কানাডীয় সরকারের কাছে সেই কাগজপত্রগুলো চেয়েছিলাম। কানাডীয় সরকার জবাব দিয়েছে যে, তাদের প্রাইভেসি অ্যাক্টে এ কাগজগুলো দেয়া যায় না। তখন আমরা সেখানে আইনজীবী নিয়োগ করে আদালতে আবেদন করেছিলাম। আদালত বলেছেন এই কাগজগুলো দেয়া যাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন অগ্রসর হচ্ছি।

রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, সেই ব্যাপারে এখন যে পরিস্থিতি হয়েছে, সেটা পর্যবেক্ষণ করছি। এবং এর অগ্রগতির ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।

আনিসুল হক বলেন, আর বাকি তিনজনের ব্যাপারে তাদের অবস্থান সম্বন্ধে জানি না। কিন্তু আমাদের অনুসন্ধান চলছে। আমরা মনে করি, আমাদের এই প্রচেষ্টায় সাফল্য লাভ করব।

তিনি বলেন, এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা এই পাঁচজন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা ও আনার প্রচেষ্টা চলবে। যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com