কিছু কিছু ডিসির আচরণ মোগল সম্রাটদের মতো : ব্যারিস্টার সুমন


দেশের কিছু কিছু জেলা প্রশাসক (ডিসি) মোগল সম্রাটের মতো আচরণ করছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সরকারের কাছ থেকে বেতন নিয়ে তারা সরকারকে বিপদে ফেলার জন্যই ষড়যন্ত্র করছেন। এ সময় তিনি নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং বর্তমানে সাংবাদিককে মধ্যরাতে সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসির কাজ নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু আমলা দেশকে এগিয়ে নেওয়ার প্রধানমন্ত্রীর সেই কাজকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করছেন। দেশের কিছু কিছু ডিসির আচরণ দেখে মনে হয়ে তারা মোগল সম্রাটের মতো আচরণ করছেন।

এর আগে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে হাইকোর্টে। তিনি এ রিটের পক্ষে আদালতে শুনানি করবেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com