রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার এম ব্লক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, প্লাকার্ড ও কালো ব্যাগ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানায় (এম ব্লক, রোড-২৮, বাসা -২১৭৩ কে জেড এম হাইটস এর দ্বিতীয় তলায় ফ্ল্যাট বি-২) অভিযান করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী-পুরুষসহ ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ১৫ই আগস্টকে সামনে রেখে ঢাকার বিভিন্ন অঞ্চলে আজ রাতে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার জন্য প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হন তারা। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয় এবং সকলের পরনে সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ধারণ করা ছিল।
এখানে আওয়ামী লীগের কোনো বড় নেতা গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় নেতাদের আসার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশ অভিযান চালায়।