ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট


ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে গাজীপুর অংশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। ময়মনসিংহগামী লেনে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে ভালুকার সীডস্টোর-আমতলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে এই সড়কে যান চলাচল ধীরগতিতে চলতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ায় যানজট তীব্র হয়। দুপুরের পর বৃষ্টিও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শ্যামলী বাংলা পরিবহনের বাসচালক সোহেল রানা বলেন, গাজীপুর থেকে মাওনা চৌরাস্তা উড়াল সেতু পৌঁছাতে ছয় ঘণ্টা সময় লাগছে। ময়মনসিংহ পৌঁছাতে কত সময় লাগবে আল্লাহ জানে।

বাসযাত্রী বিপুল ইসলাম বলেন, ৩০ মিনিট ধরে গাড়ি স্থির দাঁড়িয়ে আছে। মাঝেমধ্যে থামছে। খুবই ধীর গতি। হেঁটে রওনা হলে তাড়াতাড়ি গন্তব্যে ফেরা সম্ভব।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরের পর ভালুকা এলাকার সীডস্টোর মোড়সহ বিভিন্ন স্থানে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে। বৃষ্টির কারণে অনেক বাস যাত্রী তুলতে না পারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, এতে করে মোড়গুলোতে যানজট তৈরি হয়। হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com