ছাদে খেলার সময় পড়ে গিয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ইসলামিয়া হাসপাতালের গলির একটি বাসার দোতলা থেকে পড়ে যায় শিশুটি। জানা যায়, নিহত শিশুটির নাম বাপ্পী।
আজ রোববার বিকেল আনুমানিক চারটায় তাকে উদ্ধার করা হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।নিহত শিশুর বাবা মো. স্বপন সংবাদমাধ্যমকে জানান, তিনি পিকআপ ড্রাইভার। ওই ভবনের দ্বিতীয় তলায় তার বাসা। বাসায় এসে দুপুরের খাবার খাওয়ার পর বাসার নিচে আসি। এর একটু পরে একজনের কাছে জানতে পারি ছেলে ছাদ থেকে পড়ে গেছে। দ্রুত ছেলেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে ডাক্তার জানায় আমার ছেলে বেঁচে নেই।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, শিশুটির মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে ঘটনাটি জানানো হয়েছে।