সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) এম এ মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এবার একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে একদল ব্যক্তি কয়েকটি মোটরসাইকেলে করে হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে যায়। এরপর তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং সামনের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামের মানুষ এগিয়ে এসে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের দাবি, ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
কামালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক জানান, কে বা কারা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে, সে খবর তিনি শুনেছেন। গ্রামের লোকজন কয়েকটি মোটরসাইকেলেও আগুন দিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এম এ মালেকের বাসায় হামলা চালিয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
শনিবার ভোরে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। হামলার সময় এম এ মালেকের ও তার স্ত্রী বাড়িতেই ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা বাড়ির টিনের চালে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির একটি অংশে আগুন ধরে গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।