মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্গ গড়ে তুলতে হবে। বাংলাদেশের মাটিতে কোনো খুনি চক্রের জায়গা হবে না।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, কী অপরাধ ছিল রাজুর, যে আজ তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো? আওয়ামী সন্ত্রাসীরা তাকে খুন করেছে। নিক্সন চৌধুরীর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর মূল মদদদাতা খুনি শেখ হাসিনা। আমরা রাজু হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই খুনি চক্রের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে খুনি হাসিনা আবার ফিরে আসবে? এত মানুষকে হত্যা ও গুম করার পরও তাদের কোনো অনুশোচনা নেই। তারা আরও খুন করতে চায়। তারা দেশে রাজনীতি করতে চায় না।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এসব সম্পদ দেশের জনগণের। পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, তারা এ দেশের মানুষের শত্রু। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং জনগণের ওপর হামলা চালায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নিহত রাজু মোল্লার বাবা আখতার মোল্লা ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে কৃষক দল নেতা রাজু মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে হামলার ঘটনায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। নিহত রাজু মোল্লা (৩০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।