সদরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিক মোল্যার মৃত্যু, রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়


ফরিদপুরের সদরপুর উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যা মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে সদরপুরের মুক্তিযোদ্ধা পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেল ৪টার দিকে মরহুমের নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন উপস্থিত ছিলেন।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় রফিক মোল্যা ছিলেন কিশোর। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মানুষের মুখে স্বাধীনতাযুদ্ধের কথা শুনে দেশমাতৃকার টানে তিনি আর বাড়ি ফেরেননি। দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এবং দীর্ঘদিন নিখোঁজ থাকার পর স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন এই বীর সন্তান।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় তিনি আহত হন। তাঁর ত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ আহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাও পেতেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীতে যোগ দিয়ে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মজীবন সম্পন্ন করেন। পরে অবসর গ্রহণ করেন।

অবসরজীবনেও মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। স্পষ্টভাষী, সাহসী ও মানুষের প্রতি আন্তরিক এই বীর মুক্তিযোদ্ধা স্থানীয় মানুষের কাছে পরিচিত ছিলেন একজন সম্মানিত ব্যক্তি হিসেবে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যার মৃত্যুতে সদরপুরের মানুষ একজন সাহসী মুক্তিযোদ্ধা ও সমাজসেবীকে হারালেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ, সাহসিকতা ও অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com